ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন।
এর আগে গত ১৭ আগস্ট ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সাত আসামিই শুরু থেকে পলাতক।
ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যদিকে এই মামলায় আসামী ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী এম হাসান ইমাম। আর ছাত্রলীগ সভাপতি-সম্পাদক ও যুবলীগ সভাপতি-সম্পাদকের পক্ষে শুনানি করেন ইশরাত জাহান।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ৪ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। ধারাবাহিকভাবে উভয় পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর এখন সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের অপেক্ষা।
