কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।
অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, আনুমানিক সাতটার দিকে একটি বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যের কাছে জানতে পেলাম যে ককটেল বিস্ফোরিত হয়েছে। পরে আমরা সরেজমিনে গিয়ে দেখি। কৌঠা দিয়ে কিছু আলপিনসহ তৈরি একটি ককটেল ফেলা হয়েছে। তবে ধোঁয়া তৈরি হওয়ায় কাউকে দেখা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ দেখে খুব দ্রুত সেটা শনাক্ত করার চেষ্টা করব। বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানাব।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। এতে একজন নারী শিক্ষার্থী ও একজন অটোরিকশা চালক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শী ও আহত অটোচালক জানান, ঘটনার সময় তাঁরা দুজন সেখানে বসে গল্প করছিলেন। হঠাৎ কাছাকাছি বিকট শব্দ শুনতে পান তিনি। এ সময় কাঁধের কাছে কিছু একটা এসে লাগলে ব্যথা অনুভব করেন।
ঘটনায় আহত ঐ নারী শিক্ষার্থী জানান, আমি গেটে দাঁড়িয়ে ছিলাম। ভেতরে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে ধোঁয়া হয়ে যায়। তখন আমার দুই পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। হাঁটতে না পেরে বসে পড়ি এবং কান্না করছিলাম। পরে কয়েকজন এসে আমাকে মেডিকেলে নিয়ে যান।
এনএনবাংলা/


