গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। সন্দেহজনক লেনদেনের অভিযোগে জেলায় ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না প্রতিষ্ঠানগুলোর কর্মীরা। এতে এজেন্টদের মধ্যে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে। ফলে গ্রাহকরা নিজেদের হিসাবে টাকা থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারছেন না।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে এমএফএস বিধিমালা অনুযায়ী হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় তদন্ত ও যাচাই শেষে হিসাব চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি শুধু গোপালগঞ্জের বিষয় নয়; যেকোনো এলাকার সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয়।
নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে, এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় সংশ্লিষ্ট হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার পাওয়া যেতে পারে।
বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের মধ্যে একই ধরনের সমস্যার অভিযোগ পাওয়া গেলেও কতটি হিসাব বন্ধ বা ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/


