সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে টানানো কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তিনি বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে।’

এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাত যুবককে বিএনপির ওই কার্যালয়ে আগুন দিতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা-পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/