বগুড়ায় ৭-৯ টাকায় বিক্রি হচ্ছে আলু, লোকসানে ঋণের চাপ, দিশাহারা কৃষক

বগুড়ায় উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজি আলু উৎপাদন, পরিবহন ও হিমাগারে সংরক্ষণ পর্যন্ত খরচ পড়েছে ২২ থেকে ২৩ টাকা। অথচ বর্তমানে বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। এতে কেজিপ্রতি ১৩ থেকে ১৪ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। অন্যদিকে হিমাগারের ভাড়া ও ব্যাংকঋণের চাপ সামলাতে না পেরে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
বগুড়ার ৫১টি হিমাগারে চলতি বছর প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৮৪২ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও এখনো প্রায় এক লাখ টন আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে। বাজারে চাহিদা ও দাম কম থাকায় অনেক কৃষক আলু তুলছেন না। দীর্ঘদিন সংরক্ষণে থাকায় এসব আলু পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
কৃষকদের হিসাবে, ৬০ কেজির এক বস্তা আলু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। কোথাও মিলছে ৭০০ থেকে ৮০০ টাকা। অথচ বস্তাপ্রতি হিমাগার ভাড়া দিতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। ফলে আলু বিক্রি করেও সংরক্ষণ খরচ তুলতে পারছেন না অনেকে।
শিবগঞ্জের কৃষক আরিফ জানান, গত বছর ২৮৫ বস্তা আলু সংরক্ষণ করে লোকসানে পড়েছিলেন। এবার ঝুঁকি কমাতে ১০০ বস্তা রেখেও একই পরিস্থিতিতে পড়েছেন। প্রতি কেজিতে ২২ থেকে ২৩ টাকা খরচ হলেও এখন দাম পাওয়া যাচ্ছে মাত্র ৯ টাকা। অধিকাংশ কৃষক ঋণ করে আলু চাষ করেন উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নীতিমালা না থাকায় বারবার লোকসান গুনতে হচ্ছে।
এদিকে চলতি মৌসুমের লোকসানের প্রভাব পড়েছে আগাম আলু চাষেও। উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় অনেক কৃষক আবাদ কমিয়ে দিয়েছেন। এর মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে আগাম আলুর জমিতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও জমির পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
বগুড়ার কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ জানান, জেলার ৫১টি হিমাগারে প্রায় পাঁচ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছিল। গত ১৫ নভেম্বর পর্যন্ত আলু উত্তোলনের পরও প্রায় এক লাখ টন মজুত রয়েছে। বর্তমান গতিতে আলু খালাস হলে ডিসেম্বরের মধ্যে সব আলু বের হয়ে যাবে বলে আশা করছেন তিনি। তাঁর দাবি, ইতিমধ্যে আলুর দাম কিছুটা বেড়েছে।
তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এ বছর আলু রপ্তানি কিছুটা কমেছে। তবে শ্রীলঙ্কা ও ভিয়েতনামে নতুন বাজার তৈরির বিষয়ে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। অন্যদিকে নভেম্বরের অসময়ের বৃষ্টিতে আগাম আলুচাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে নতুন মৌসুমের আবাদ কিছুটা বিলম্বিত হতে পারে। তবে এর ফলে হিমাগারে থাকা আলুর দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে।
কৃষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মৌসুমে আলুর আবাদ আরও কমে যেতে পারে। এতে উৎপাদন ও বাজার—দুই ক্ষেত্রেই নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এনএনবাংলা/


