সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ

ছবি: সংগৃহীত

নেপালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেশটির কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে এই ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান, চীন ও নেপালের বিভিন্ন এলাকা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কম্পনে আতঙ্কিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

তবে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তাপ্লেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছে, নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। হিমালয় অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পশ্চিমবঙ্গ থেকে পাওয়া খবরে বলা হয়েছে, ভূমিকম্পের শক্তিশালী কম্পনে উঁচু ভবন, আবাসিক বাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুতের ওপরের তার কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সকালে হাঁটতে ও ব্যায়াম করতে বাইরে বের হওয়া মানুষও আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন।

এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল দেশের বাইরে হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

এদিকে মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

এনএনবাংলা/এনজেড