স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছবি: পিএমও
সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে অংশ নেবে। আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এনএনবাংলা/এনজেড
Tags: জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজনোয়াখালীনৌবাহিনীপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ সেনাবাহিনীবিমানবাহিনী