‘বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’

বাংলাদেশে প্রবেশ করলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তা ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাঁর এই বক্তব্য সামনে এলো।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপর কারাগারে নেওয়া হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ভারত দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে ঢাকা প্রত্যাশা করে। তাঁকে তাঁর কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন তিনি। তবে বাংলাদেশ সরকার তাঁর এসব আবেদন নাকচ করেছে।
এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ঢাকার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে সর্বশেষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সহিংসতার আশঙ্কা
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরাও বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে তার প্রত্যাবর্তনের দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। এর অংশ হিসেবে গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিও পালন করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের কয়েক ডজন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া রাজনৈতিক দলের’ টিকে থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন শামা ওবায়েদ।
হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ এমন সম্পর্ক চায়, যেখানে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ণ হবে না। বাংলাদেশের বিষয়ে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান
সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়ের পর এ উদ্যোগ আরও জোরদার হয়েছে।
শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নতুন শক্তি জোগাবে। রোহিঙ্গাদের অবশ্যই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।
মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এই সংকট তৈরি করেনি, মিয়ানমার করেছে। তাই মিয়ানমারকেই এই সংকটের অবসান ঘটাতে হবে।
সূত্র: রয়টার্স
এনএনবাংলা/


