ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাজদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুলি করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ‘ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
এনএনবাংলা/


