দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করল রূপপুর কেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
তিনি বলেন, এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।
এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরবর্তীতে বিদ্যুৎকেন্দ্রটিকে পুনরায় জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। উল্লেখ্য, আগের দফায়ও এই ধরনের কিছু পরীক্ষা চালানো হয়েছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায় গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে প্রথম ইউনিটটি বিভিন্ন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিমাণে হ্রাস-বৃদ্ধি করা হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র আরও জানাচ্ছে যে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
এনএনবাংলা/এফএস


