কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে কার্যালয়ের বারান্দায় সাময়িকভাবে আগুন ধরে গেলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানায়, রবিবার রাতে কার্যালয়ের নিচতলার মূল ফটক বন্ধ ছিল। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বন্ধ ফটকের গ্রিলের ফাঁক দিয়ে পরপর দুটি পেট্রোল বোমা ভেতরে ছুড়ে মারে। বোমা দুটি গিয়ে কার্যালয়ের বারান্দায় পড়ে এবং সেখানে আগুন জ্বলে ওঠে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যাওয়ায় কার্যালয়ের ভেতরের কোনো নথিপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন জানান, ফটক বন্ধ থাকায় দুর্বৃত্তরা গ্রিলের ফাঁক দিয়ে বোমাগুলো নিক্ষেপ করেছিল। বারান্দায় আগুন লাগলেও তা দ্রুত নিভে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
হামলার পরপরই বটতলা এলাকায় দায়িত্বরত টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি তাদের গ্রেপ্তারে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে নগুয়া এলাকাসহ পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সরকারি কার্যালয় ও আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
এনএনবাংলা/ইএস


