সাম্প্রতিক
সহিংসতা দমনে প্রযুক্তিনির্ভর নজরদারিতে সারাদেশ জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের কম মজুরিতে চাপানো ঠিক নয় সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরলেন আটকে পড়া ৯০০ পর্যটক ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ ১ম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর, ঢাকার সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭–১৯ ডিসেম্বর শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চায় সরকার: নাহিদ ইসলাম চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো ‘কপ৩১’ জলবায়ু সম্মেলন সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা শ্রমিক অসন্তোষে ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, হাতছাড়া ২৫৪ মিলিয়নের অর্ডার
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

মিস ইউনিভার্সের ফাইনালের অপেক্ষায় সামিরা খান মাহি

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলট অ্যারেনায় ২৪ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৬টা) বসছে এই জমকালো আসর। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ফাইনালের আগমুহূর্তে দেশের দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—দর্শকভোটে এগিয়ে থাকা মাহি কি পারবেন প্রথমবারের মতো বাংলাদেশের ঘরে মিস ইউনিভার্সের মুকুট এনে দিতে?

গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পরের দিনই (৮ নভেম্বর) পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। ফলে আন্তর্জাতিক এই মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করার সময় পেয়েছেন মাত্র এক দিন। তবে স্বল্প সময়ের এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন গত আসরের বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। প্রায় ৩৫টি পোশাক নিয়ে বিশ্বমঞ্চে পা রাখা মাহি ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী।

প্রতিযোগিতার অভিজ্ঞতা প্রসঙ্গে মাহি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ প্রতিযোগীদের সঙ্গে লড়াই করাটা বেশ চ্যালেঞ্জিং। তবে প্রাথমিক রাউন্ডের পারফরম্যান্সে বিচারক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় তিনি বেশ আশাবাদী। চূড়ান্ত পর্বের পারফরম্যান্সের ওপরই এখন সবকিছু নির্ভর করছে বলে মনে করেন তিনি।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ‘ন্যাশনাল কস্টিউম’ বা জাতীয় পোশাক প্রদর্শনীতে (২২ নভেম্বর) বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরেছেন মাহি। কুমিল্লার ঐতিহ্যবাহী লাল-সাদা খাদি শাড়ি এবং দেশীয় গয়নায় সেজে মঞ্চে হাজির হন তিনি। ফ্যাশন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদারের নকশা করা এই পোশাকের মূল থিম ছিল ‘মাতৃত্ব’। শাড়ির নকশা এবং পিঠে যুক্ত বিশেষ শিল্পকর্মের মাধ্যমে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর জীবনচক্র ও মাতৃভূমির প্রতি ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়। তাঁর এই পরিবেশনা দেশ-বিদেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

মিস ইউনিভার্সের মূল পর্বে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের দর্শকদের বিপুল সমর্থনে ভোটিং তালিকায় শুরু থেকেই শক্ত অবস্থানে ছিলেন মাহি। ১৯ নভেম্বরের হিসাব অনুযায়ী, সাপ্তাহিক ভোটিংয়ে শীর্ষে এবং সামগ্রিক ভোটে তৃতীয় অবস্থানে উঠে এসেছিলেন তিনি। এই ভোটের ভিত্তিতেই সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন আক্তার শিলার হাত ধরে মিস ইউনিভার্সে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এরপর ২০২৪ সালে অনিকা আলম অংশ নেন। তবে ২০২৫ সালে ১২২টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েছিলেন তানজিয়া জামান মিথিলা। এবার সেই সাফল্যের ধারা বজায় রেখে আরও বড় অর্জনের হাতছানি মাহির সামনে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপক মারিও লোপেজ এবং সাবেক মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েলের সঞ্চালনায় গ্র্যান্ড ফিনালেতে বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন। স্বল্প সময়ের প্রস্তুতি আর দেশের মানুষের ভালোবাসাকে পুঁজি করে মাহি শেষ হাসি হাসতে পারেন কি না, তা জানতে এখন ফাইনালের ফলাফলের অপেক্ষায় পুরো দেশ।

এনএনবাংলা/ইএস