গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, ১৩ কারখানা ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে আজ রবিবার (২২ নভেম্বর) আবারও বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার অন্তত ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
শিল্প পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ১৫ দিনের অস্থিরতার পর গতকাল শনিবার কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছিল এবং আজ সকালে বন্ধ থাকা ১৯টি কারখানা খুলে দেওয়া হয়। তবে সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড ও হ্যামস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে কর্মবিরতি শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ তাদের কাজে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হলে সকাল সাড়ে ১০টার দিকে ছুটি ঘোষণা করে। এরপর আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হলে শত শত শ্রমিক লাঠিসোঁটা ও মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের ময়মনসিংহগামী লেনসহ উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা ও থানা পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন এবং বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান এবং আশপাড়া মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা ১নং সিএন্ডবি বাজার এলাকায় পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি শান্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া শ্রীপুর চৌরাস্তা এলাকাতেও বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের উত্তেজনার খবর পাওয়া গেছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আগামী ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এবং ওই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। তাদের অভিযোগ, মজুরি বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্টরা এ নিয়ে সময়ক্ষেপণ করছেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সফিউল এবং মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
আজকের ঘটনায় যে ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড ও রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড ও মেঘনা গার্মেন্টস, গিলারচালা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েব প্রসেসিং প্ল্যান্ট, বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার লান্তাবুর গ্রুপের তাকওয়া ফ্যাশন লিমিটেড এবং শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড।
এনএনবাংলা/ইএস


