মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক-হেলপার

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
ঘটনার বিষয়ে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুর্বৃত্তরা বসুমতি পরিবহনের বাসটিতে আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
এসআই ইকবাল হোসেন আরও জানান, বাসটিতে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এনএনবাংলা/


