ঐক্য চাইলে বিএনপিকে ‘মুচলেকা’ দিতে হবে, সংলাপের মূলা ঝুলাবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার দিয়ে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শুধু সংলাপের উদ্যোগ নিলেই হবে না, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে দলটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান মতবিনিময় সভার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের সংলাপের মূলা ঝুলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে—বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি গণরায় বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার অর্থ এই নয় যে, বিএনপির বিরুদ্ধে থাকা অভিযোগ ও অপরাধের বিষয়গুলো ভুলে যাওয়া হবে—এমন মন্তব্যও করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গত আট মাসে দেশে ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছেন, অনেকে আহত ও নিহত হয়েছেন। এসব ঘটনার বিচার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি যদি মনে করে আলোচনার দ্বার উন্মুক্ত করার পর গণভোটের রায় বাস্তবায়ন কিংবা গণহত্যার বিচার করতে হবে না, তাহলে তা হবে ‘আকাশকুসুম কল্পনা’।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, একদিকে ভারতবিরোধিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে গার্মেন্ট কারখানা ভারতের কাছে তুলে দেওয়া এবং শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের ‘কুসুম কুসুম পররাষ্ট্রনীতি’ বাংলাদেশে দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মতো চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ‘দ্বিতীয় স্বাধীনতার ডাক’ দিচ্ছেন তারা। ওসমান হাদি দ্বিতীয় জুলাইয়ের ডাক দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গঙ্গার পানিবণ্টন ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, ‘যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না; কোনো ভারতীয় কাজ করতে পারবে না।’
বিএনপির অতীত রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এনসিপির বক্তব্য না শুনে আওয়ামী লীগের কথা শুনেছে এবং আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ জিয়াউর রহমানের সময়কার পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন বলেন, ‘আপনার বাপ যে ভুল করেছে, আপনি ওই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া হলো ইতিহাসের দায়িত্ব। আর এ জন্যই আমরা আপনার কাছে গিয়েছি, আপনাকে স্মরণ করিয়ে দিতে।’
চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিন, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব ও সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।
এনএনবাংলা/


