গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে ‘নিজেদের মধ্যে সংঘর্ষ’, গুলিবিদ্ধসহ আহত ২০

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলের পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষ চলাকালে গুলি ও হাতবোমা-ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের অন্তত ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস জানান, চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন পাওয়া গেছে। তাদের এক্স-রে করার জন্য পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।
এ ছাড়া একই গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় একজন জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ নিজেদের মধ্যে বসে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি।
এনএনবাংলা/


