আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান কী, জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকলেও জনশৃঙ্খলা বিনষ্ট, সংঘাত সৃষ্টি কিংবা ঘৃণা উসকে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাইকেল মিলার।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তিনি যা বলছেন, তা তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ। ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়।
স্থিতিশীলতার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এর অর্থ হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। একই সঙ্গে সংঘাত পরিহার করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি এবং সৃষ্ট সংঘাত মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়েও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। তাঁর মতে, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া সমানুপাতিক ছিল।
মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকতে হবে। তবে কোনো ব্যক্তি বা সংগঠন বেআইনি কর্মকাণ্ডে জড়ালে, জনশৃঙ্খলা নষ্ট করলে কিংবা সংঘাত ও ঘৃণা ছড়ালে তা গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা সংঘাতের লাইসেন্স হতে পারে না।
অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিগত শাসনামলে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এসব প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক রূপান্তরকে জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে মাইকেল মিলার বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র কেবল নির্বাচন বা পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থার সঙ্গেও এটি জড়িত। এ জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে দৃঢ়তা দেখাতে হবে।
এনএনবাংলা/


