সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে পুলিশ বক্সে ভাঙচুর, মালামাল বের করে আ’গুন

ছবিঃ সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও নথিপত্র বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন ধরিয়ে দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে কিছু বহিরাগত ব্যক্তি যুক্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এর জের ধরেই গাজীপুরা পুলিশ বক্সে হামলা চালিয়ে ভেতরের আসবাবপত্র ও মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে মহাসড়কে ফেলে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এনএনবাংলা/ইএস