সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।

তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালীন মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

এনএনবাংলা/এফএস