সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭

ছবি: ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত হাতবোমা, ককটেলের অংশবিশেষ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৪৯ জন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধের আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি অপরাধ বিভাগে পৃথকভাবে অভিযান পরিচালনা করে মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গুলশান বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ। পাশাপাশি এক লিটার পেট্রোল, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/এনজেড