মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহি প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহি। কিন্তু শেষ মুহূর্তে ভোটের হিসাবে তাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। ফলে দর্শক ভোটে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ হারান মাহি।
এবারের আসরের সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।
প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় না আসার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
তিনি আরও বলেন, জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’
এনএনবাংলা/এফএস


