সাম্প্রতিক
Skip to content

ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের বিশ্বখ্যাত নাটক ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে নির্মিত ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ নাটকটি ঢাকার মঞ্চে আসছে। আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির মঞ্চায়ন হবে।

বাংলা ভাষীদের জন্য নাটকটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও নাট্যকার শাহমান মৈশান। নাটকটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে নির্মিত হয়েছে প্রযোজনাটি।

মানুষের আত্মপরিচয়, আত্মপ্রবঞ্চনা ও নিজের মুখোমুখি দাঁড়ানোর গল্প নিয়ে এই নাটকে দেখা যায়, উত্তাল সমুদ্রের বুকে জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ পিয়ারু গাজি। জীবনের শেষ প্রান্তে এসে দেশে ফেরার তাড়া তাকে তাড়িত করছে। অথচ বাড়ি ফেরার এই যাত্রায় তাকে পাড়ি দিতে হচ্ছে ফেলে আসা স্মৃতি, অনুশোচনা ও আত্মপরিচয়ের জটিল পথ।

মানুষ কি নিজের আরোপিত পরিচয়ের আড়ালে প্রকৃত সত্তা হারিয়ে ফেলে—এই প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।

হেনরিক ইবসেনের উত্তর ইউরোপীয় প্রেক্ষাপটকে এই প্রযোজনায় নতুনভাবে রূপায়িত করা হয়েছে বাংলার মানুষ, ভাষা, সংস্কৃতি, লোকজ অনুষঙ্গ ও জীবন-অভিজ্ঞতার আলোকে। ফলে নাটকের আখ্যান পেয়েছে স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক মাত্রা।

নাটকের কেন্দ্রীয় চরিত্র পিয়ারু কখনো প্রেমিক, কখনো উচ্চাকাঙ্ক্ষী, আবার কখনো ক্ষমতা ও সম্পদের মোহে আচ্ছন্ন মানুষ। জীবনের প্রতিটি বাঁকে নতুন পরিচয় নির্মাণ করতে গিয়ে ক্রমেই নিজের অস্তিত্ব হারিয়েছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে তাঁকে খুঁজতে হয় হারিয়ে ফেলা সেই মানুষটিকেই।

স্মৃতি, কল্পনা ও বাস্তবতার মেলবন্ধনে নির্মিত নাটকটি আত্মপরিচয়, আত্মপ্রবঞ্চনা এবং নিজের মুখোমুখি দাঁড়ানোর এক জীবনঘনিষ্ঠ আখ্যান হয়ে উঠেছে।

এনএনবাংলা/এফএস