সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা

ছবিঃ সংগৃহীত

টানা নয় বছরের দীর্ঘ ও সফল যাত্রার ইতি টেনে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকটি দীর্ঘ সময় ধরে দেশের কোটি দর্শকের ভালোবাসা ও আবেগের জায়গায় পরিণত হয়েছিল। এবার শুটিংয়ের শেষ দিনে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন নাটকটির অন্যতম প্রাণ ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পলাশ ফিরে তাকিয়েছেন নয় বছর আগের সেই শুরুর দিনগুলোতে। শুটিং স্পটের চেনা রাস্তা, গাছতলা আর বিকেলগুলোর কথা স্মরণ করে তিনি জানান, এখান থেকেই তার পথচলার আসল শুরু। সময়ের পরিক্রমায় ঋতু ও চারপাশের অনেক কিছু বদলে গেলেও এই নাটকের সঙ্গে জড়িয়ে থাকা হাসি-কান্না ও না-বলা গল্পগুলো আজও তার মনে অমলিন।

পলাশ তার লেখায় উল্লেখ করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি সাধারণ নাটক হিসেবে শুরু হলেও, ধীরে ধীরে এটি তার নিজের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অসংখ্য সকাল-রাত, আনন্দ আর মান-অভিমানের মধ্য দিয়ে নাটকটির পাশাপাশি তিনি নিজেও একজন অভিনেতা ও মানুষ হিসেবে বেড়ে উঠেছেন। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, এই দীর্ঘ যাত্রা তাকে সেটিই শিখিয়েছে।

পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ায় ক্যামেরার আলো নিভে গেলেও, স্মৃতির পাতায় সবকিছু জীবন্ত থাকবে বলে মনে করেন পলাশ। বিদায়বেলার সুরে তিনি লেখেন, পৃথিবীর সবকিছুরই একটি শেষ আছে এবং হয়তো এই যাত্রারও এখানেই সমাপ্তি। তবে মানুষ ফিরে গেলেও সেই চেনা রাস্তা আর প্রিয় মানুষগুলোর হাসির শব্দ বাতাসে মিশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

বার্তার একদম শেষে এই অভিনেতা নিজেকে নয় বছর আগের সেই স্বপ্নবাজ তরুণের সঙ্গে তুলনা করেছেন। পলাশের মতে, দীর্ঘ নয় বছর পর পেছনে ফিরে তাকালে মনে হয় গল্পের সমাপ্তি ঘটেছে ঠিকই, কিন্তু ওই রাস্তার পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখা সেই ছেলেটি আজও সেখানেই রয়ে গেছে।

উল্লেখ্য, প্রচারের শুরু থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রতিটি চরিত্র দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার খবরে পলাশের মতো নাটকটির অগণিত ভক্তদের মাঝেও এখন বইছে আবেগ ও নস্টালজিয়ার সুর।

এনএনবাংলা/ইএস