১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা, রাজনীতিক ও অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং তাঁর স্ত্রী আন্না কোনিডেলা। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে পবন কল্যাণের দল জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, “একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি。 আমাদের দাম্পত্য সম্পর্কের অবসান হলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব。 সন্তানদের সুখ ও কল্যাণ সব সময় আমাদের যৌথ অগ্রাধিকার থাকবে।”
এই ব্যক্তিগত কঠিন সময়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবার কাছে গোপনীয়তা রক্ষা এবং সহযোগিতার অনুরোধ জানিয়েছেন এই তারকা দম্পতি。 তবে ঠিক কী কারণে তাঁদের এই বিচ্ছেদ কিংবা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে কি না—সে বিষয়ে যৌথ বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্না কোনিডেলাকে বিয়ে করেছিলেন পবন কল্যাণ। এই সংসারে তাঁদের দুটি সন্তান রয়েছে—মেয়ে পোলেনা অঞ্জনা পাভানোভা ও ছেলে মার্ক শঙ্কর পাভানোভিচ। বিচ্ছেদ হলেও সন্তানদের যৌথভাবে দেখভাল করবেন বলে জানিয়েছেন তাঁরা。
আন্নার সঙ্গে বিচ্ছেদের মাধ্যমে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের অবসান ঘটল। এর আগে ১৯৯৭ সালে তিনি নন্দিনীকে বিয়ে করেন এবং ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন, যার সঙ্গে ২০১২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। রেণু দেশাইয়ের সংসারেও পবনের আকিরা নন্দন ও আধ্যা নামে দুটি সন্তান রয়েছে।
দক্ষিণী সিনেমার শক্তিমান এই অভিনেতা বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পুরোদমে সক্রিয় এবং ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপমুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এনএনবাংলা/ইএস
