‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার!’ কেন এমন মন্তব্য করলেন শবনম ফারিয়া?

কাজের চেয়ে ব্যক্তিগত নানা স্ক্যান্ডাল আর সস্তা ট্রোলিং নিয়েই এখন মেতে থাকে নেটপাড়া। অথচ ঢাকাই শোবিজে যখন কাজ কমে যাওয়ার কারণে শিল্পী ও কলাকুশলীরা চরম সংকটে দিন কাটাচ্ছেন, তখন একশ্রেণীর অভিনেত্রীর অনাকাঙ্ক্ষিত কাণ্ডকীর্তি পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি নিয়ে আর চুপ থাকতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ ও সাহসী পোস্টে এই চলমান সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ উগরে দিয়েছেন তিনি।
ফারিয়া স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশে এমন অনেক রুচিশীল ও প্রতিভাবান অভিনেত্রী আছেন যারা সস্তা প্রচারণার পেছনে ছোটেন না, শুধু নিজেদের কাজটুকু মন দিয়ে করেন। কিন্তু দর্শকদের একাংশ এবং মিডিয়া তাদের রেখে তথাকথিত ‘ফালতু’ বিষয় নিয়ে মেতে থাকে।
নিজের পোস্টে ফারিয়া বেশ কয়েকজন অভিনেত্রীর উদাহরণ টেনে তাদের কাজের প্রশংসা করেন। জয়া আহসানকে নিয়ে তিনি লেখেন, জয়া শুধু অভিনয়েই অনন্য নন, তার কথাবার্তা ও আচার-ব্যবহারও অসম্ভব সুন্দর। অভিনয়ের বাইরে বাগান করা ও পোষ্যদের নিয়ে ব্যস্ত থাকা জয়ার কালেকশনে থাকা জামদানি, ঘড়ি ও ব্যাগের রুচিশীলতার প্রশংসা করেন ফারিয়া।
একই সাথে তিনি মঞ্চ ও পর্দার শক্তিশালী অভিনেত্রী সানজিদা প্রীতির স্বল্পভাষী ও গম্ভীর স্বভাবের প্রশংসা করে তাকে একজন অসাধারণ শিল্পী হিসেবে আখ্যা দেন। নিজের জেনারেশনের অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী হামিদের সহজাত অভিনয় দক্ষতার প্রতি নিজের ভালোলাগা ও একপ্রকার ‘ঈর্ষার’ কথা স্বীকার করেন তিনি। এছাড়া নাজিয়া হক অর্ষার চোখের এক্সপ্রেশনের প্রশংসা করতে গিয়ে ফারিয়া তার তুলনা করেন কিংবদন্তি সুবর্ণা মুস্তাফার সাথে। একটি নাটকের অভিজ্ঞতা শেয়ার করে ফারিয়া বলেন, অর্ষা যে চরিত্রে অভিনয় করেছেন, সেখানে তিনি নিজে থাকলে হয়তো অতটা সুবিচার করতে পারতেন না।
এদের বাইরেও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির মতো মার্জিত ও প্রতিভাবান অভিনেত্রীদের নাম উল্লেখ করেন তিনি, যারা নিজেদের ব্যক্তিত্ব দিয়ে ইন্ডাস্ট্রির মান ধরে রেখেছেন।
পোস্টের শেষ দিকে এসে নেটিজেনদের মানসিকতা নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন ফারিয়া। লাখ টাকার জামা কিংবা দুবাই ট্যুরের মতো সস্তা গসিপ বাদ দিয়ে কেন ভালো কাজ নিয়ে আলোচনা হয় না, সেই প্রশ্ন তোলেন তিনি। ফারিয়া আক্ষেপ করে বলেন, সবার ধারণা হয়ে গেছে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার চলছে, অথচ পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না।
এনএনবাংলা/ইএস
