সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ, রাতভর খুঁজেও মেলেনি সন্ধান

ছবিঃ সংগৃহীত

রাজধানী থেকে নিখোঁজ হয়েছেন ঢালিউড ও তেলেগু সিনেমার পরিচিত অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা। গতকাল সোমবার রাতে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল। এরপর থেকেই তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে। রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরখানে তাঁদের একটি নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করতে প্রতিদিনের মতো গতকালও গিয়েছিলেন মেঘলার বাবা। কাজ শেষে রাত আটটার দিকে তিনি বাসার উদ্দেশে রওনা হন।

কান্নাজড়িত কণ্ঠে মেঘলা মুক্তা জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন ফোনের চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। উত্তরখান থেকে বসুন্ধরা আসার রাস্তার দুই পাশ, উত্তরার আশপাশের সব হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তাঁর কোনো সন্ধান মেলেনি।

অভিনেত্রী আরও জানান, তাঁর বাবা বেশ অসুস্থ। শারীরিক এই অবস্থায় দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পুরো পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

এর আগে, আজ মঙ্গলবার ভোররাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট দেন মেঘলা। সেখানে তিনি জরুরি ভিত্তিতে বাবার সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বনানীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেঘলা মুক্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর দুর্ঘটনাসংক্রান্ত মামলার আইনি কার্যক্রম দেখভাল করতে অসুস্থ শরীর নিয়েও তাঁর বাবাকে বারবার আদালতে ছুটোছুটি করতে হচ্ছিল। বাবার এই অসুস্থতা ও নিখোঁজের ঘটনায় এখন ভেঙে পড়েছে তাঁর পরিবার।

বাংলাদেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ সিনেমার পাশাপাশি ভারতের তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ দিয়ে দর্শকপ্রিয়তা পান মেঘলা মুক্তা।

কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর বাবার সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তবে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এনএনবাংলা/ইএস