কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী অভিনেত্রী ইরমা পি হল মারা গেছেন

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ইরমা পি হল মারা গেছেন। ‘সোল ফুড’, ‘আ ফ্যামিলি থিং’ ও ‘দ্য লেডিকিলার্স’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। পিপলসের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে শেষনিশ্বাস ত্যাগ করেন ইরমা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা।
১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিউমন্টে জন্মগ্রহণ করেন ইরমা। তার বাবা ছিলেন স্যাক্সোফোন বাদক এবং মা হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে ছিলেন। শৈশবের বেশির ভাগ সময় কেটেছে ভালোবাসা ও সাংস্কৃতিক পরিবেশে। পরে পরিবারের সঙ্গে শিকাগোতে চলে যান তিনি। পড়াশোনা শেষে টেক্সাসে ফিরে শিক্ষকতা শুরু করেন।
অভিনয়ে আসার আগে টানা ২৭ বছর উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষকতা করেছেন ইরমা। ১৯৭৩ সালে পরিচালক রেমন্ড সেন্ট জ্যাকসের ‘বুক অব নাম্বার্স’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর টেলিভিশন ও চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এগিয়ে যান।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘আ ফ্যামিলি থিং’ সিনেমায় আন্টি টি চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান তিনি। পরের বছর ‘সোল ফুড’ সিনেমায় বিগ মামা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। পরে একই চরিত্রে টেলিভিশন সিরিজেও অভিনয় করেন। ২০০৪ সালে কোয়েন ভ্রাতৃদ্বয়ের পরিচালনায় ‘দ্য লেডিকিলার্স’ সিনেমায় টম হ্যাঙ্কসের সঙ্গে অভিনয় করেন ইরমা। এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পান তিনি। একই বছর ‘কোল্যাটারাল’ সিনেমায় টম ক্রুজ ও জেমি ফক্সের সঙ্গেও দেখা গেছে তাকে।

