নতুন বেতনেও থামেনি ক্ষোভ: গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে সংঘর্ষ

সরকারের মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও গাজীপুরের পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ থামেনি। এরই জেরে বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। একপর্যায়ে অবরোধ সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন ভোগড়া বাইপাস এবং নাওজোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে উভয় সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সড়কে যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সংঘর্ষের আতঙ্কে মহাসড়কের আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় এক ঘণ্টা অবরোধ থাকার পর সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক দুটি দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে নেমে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন। তবে সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এনএনবাংলা/ইএস


