নড়াইলে বিএনপির ২ নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা, ৭১ জন আসামি

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা শাহীনুর ইসলাম ও সোহেল রানা হত্যার ঘটনায় ছয় দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত সোহেল রানার ভাই জুয়েল রানা বাদী হয়ে মামলা করেছেন।
কালিয়া থানা সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাত ১১টার দিকে মামলাটি রেকর্ড করা হয় (মামলা নম্বর ১২)। তবে মামলায় উল্লেখযোগ্য আসামি কারা তা এখনো জানা যায়নি।
গত ১৮ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল মিছিল চলাকালে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা। হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে তাদের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
গত শুক্রবার (২০ নভেম্বর) নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ওই দিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান বাড়িসহ ৫০-৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালান বলে জানিয়েছিল পুলিশ।
হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) নিহত সোহেল রানার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় মামলাটি নথিভুক্ত হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএনবাংলা/


