সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ ধরনের ব্যক্তিকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন তিনি। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারে দেওয়া যায় কিংবা বলপূর্বক গুম করা যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তারা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন এসব অপরাধ করেছেন। তখন মানুষের জানমাল তাদের হাতে জিম্মি ছিল।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, এসব ব্যক্তি ইচ্ছা করলেই কাউকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থেকেও তারা রক্ষকের পরিবর্তে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।

চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীর বক্তব্যে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। বিষয়টি হয়তো পরবর্তী তদন্তে উঠে আসবে।

এনএনবাংলা/