পূর্বাচল প্লট দুর্নীতি: আত্মসমর্পণের পর কারাগারে হাসেমের আরেক ছেলে রুবেল

পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে। আপিলের শর্তে জামিন চেয়ে আদালতে আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মঙ্গলবার (১৭ নভেম্বর) আত্মসমর্পণ করেন আশফাক আজিজ রুবেল। এ সময় তিনি আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য জানান।
এর আগে একই মামলায় গত ১ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন এম এ হাসেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল। আদালত তার জামিন আবেদনও নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ১০ নভেম্বর হাই কোর্টের বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ রাসেলের আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং তাকে ছয় মাসের জামিন দেন।
গত ১৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৯ পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাসেল ও রুবেলসহ আটজনকে দুই ধারায় সাত বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
উল্লেখ্য, শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি। অন্যদিকে আশফাক আজিজ রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান।
এনএনবাংলা/

