আদালতে জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, মন্ত্রী বললেন, আর হবে না

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার সময় হাতকড়া না পরানো এবং তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রোববার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তাহসিনা রুশদীর বলেন, আদালত প্রাঙ্গণে জিয়াউল আহসানের অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। পুলিশ তাকে প্রটোকল দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য বলেন, ‘এই রকম একজন অপরাধীকে হাতকড়া, ডান্ডাবেড়ি না পরিয়ে যেভাবে নেওয়া হয়, তাতে আমরা মর্মাহত হই। বহু পরিবার যারা এই বিষয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাকে কী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তার প্রতি কী মানবিকতা দেখাচ্ছে?’
তাহসিনা রুশদী আরও বলেন, জিয়াউল আহসানের এমন আচরণ গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারসহ সংশ্লিষ্ট অনেককে উদ্বিগ্ন করেছে।
এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জিয়াউল আহসান আর এ ধরনের সুযোগ পাবেন না। ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাজির করা হয় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। গাড়ি থেকে নেমে আদালতে যাওয়ার সময় রোদচশমা পরা অবস্থায় পুলিশ সদস্যদের বেষ্টনীতে তাকে হাঁটতে দেখা যায়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই।’
জিয়াউল আহসানের এই বক্তব্য ও আদালত প্রাঙ্গণে তার চলাফেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
সংসদে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাহসিনা রুশদীরের বক্তব্য পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় আইনমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন।
পরে আইনমন্ত্রী বলেন, ‘একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নিয়ে যাওয়া হয়, ভবিষ্যতে তাই হবে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আদালত অঙ্গনে, আশ্বস্ত করতে চাই। ন্যায়বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’
জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব ধরনের সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে। এসব সাক্ষ্য-প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে আসামিদের সাজা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, গত ১৬-১৭ বছরে সংঘটিত গুম-খুন, গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত, পঙ্গু হওয়া ও অঙ্গহানির শিকার প্রত্যেকের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা শহরের বাইরে বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে। এসব অপরাধে কোন কোন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক কর্মীর সহযোগিতা বা প্রশ্রয় ছিল, তা খতিয়ে দেখা হবে।
এনএনবাংলা/

