নতুন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। শুনানিকালে দুই আসামিকেই ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়েছিল। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের এই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১১ নভেম্বর মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম এই দুই নেতাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের সাথে যোগসাজশে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। তাই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনের দিন মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান নিয়েছিলেন ভুক্তভোগী ওমর ফারুক শাকিল ও তার সহকর্মীরা। সে সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে অতর্কিত ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী। অভিযোগে বলা হয়েছে, মামলার প্রধান আসামি এবং ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীনের ছোড়া গুলিতে শাকিলসহ আরও কয়েকজন গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার নাকের ওপর ও ডান চোখের নিচে সেলাই দেওয়া হয়। সেখানে ৭ আগস্ট পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে তার শরীরে পুনরায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
নৃশংস এই হামলার ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক শাকিলের বাবা বাদী হয়ে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন।
এনএনবাংলা/ইএস

