সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

ফাইল ছবি

আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকর করার আবেদন জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ আবেদন করেন।

রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মোট নয়জনকে বিবাদী করা হয়েছে। এর আগে ১৯ নভেম্বর বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হলেও জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধে একাধিক নির্দেশনা চাওয়া
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সময়ে দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, বিলুপ্ত, সম্পদ বাজেয়াপ্ত ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, নড়াইলের কালিয়ায় দুই নেতাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা এবং হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলার বিষয় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

অনলাইন কার্যক্রম বন্ধ ও অর্থায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
রিটে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, দলটির পলাতক নেতারা বিদেশে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানানো হয়েছে।

স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদন
রিটে সুপ্রিম কোর্টের একজন বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়েছে। ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে গঠিত এ কমিটিকে ১৯৭২-১৯৭৫ সালের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর অভিযান, গুম-খুন, অর্থ পাচার এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্তের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের দেশি-বিদেশি অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান চিহ্নিত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলার আবেদন জানানো হয়েছে।

বিদেশে নিষিদ্ধের উদ্যোগ ও প্রত্যর্পণের আবেদন
রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আবেদনও করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে অনুরোধ এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এনএনবাংলা/