ঢাকায় একদিনে ৪১৯১ ট্রাফিক মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক দিনে ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯৭টি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর, যেখানে মামলা হয়েছে ৮২০টি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশানে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এ বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
মিরপুর ট্রাফিক বিভাগে ৮২০টি মামলার মধ্যে রয়েছে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেল। এ ছাড়া উত্তরা ট্রাফিক বিভাগে ৭৩৬টি এবং ওয়ারী ট্রাফিক বিভাগে ৫৮২টি মামলা হয়েছে।
অন্যদিকে, মতিঝিল ট্রাফিক বিভাগে ৪১৭টি, তেজগাঁওয়ে ২৮৮টি, লালবাগে ১৯৭টি এবং রমনা ট্রাফিক বিভাগে ১৫৪টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
যানবাহনের ধরন অনুযায়ী, মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুরে। এ বিভাগে ৪৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। গুলশানে ৩৬৬টি, উত্তরা ২৬৩টি, মতিঝিলে ২৪৫টি, ওয়ারীতে ১৮৫টি, লালবাগে ১২২টি, তেজগাঁওয়ে ১১১টি এবং রমনায় ২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএনবাংলা/


