সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে ও ছিনতাই হওয়া নিহত মুন্নার ব্যাটারিচালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)।

এসআরবি সূত্রে জানা যায়, নিহত মুন্না যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

স্বজনেরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ১৯ নভেম্বর দুপুরে যাত্রাবাড়ীর মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী গলি রাস্তার মাঝ বরাবর ওয়াসা পানির খালের ভেতর থেকে তার গলা, মুখ ও মাথায় কাটা জখমযুক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে প্রথমে আসামি মিজান খানকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরবর্তীতে রিমান্ডে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর রাতে অপর তিন আসামি হারুন মিয়া, জুয়েল ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএনবাংলা/এফএস