বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ যেন ভুলেও চোখ তুলে না তাকান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইনমন্ত্রী অভিযোগ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসে উস্কানি দিচ্ছেন। ক্ষমতার লোভে দেশে জ্বালাও-পোড়াও ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কামান্না গণহত্যায় শহীদ ২৭ বীরের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনএনবাংলা/


