ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির দিনগুলোতেও রাজধানীবাসীর যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমনকি ভোটের দিন ১২ ফেব্রুয়ারি যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাত্রীদের কোনো অসুবিধা হবে না।”
নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব বিভাগে কর্মরতদের সব ধরনের ছুটি বাতিল থাকবে—শুধু বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়া। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা আরও জানান, ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রোরেল চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশপথ ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট যথারীতি খোলা থাকবে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।
মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ