সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পিএসএল : সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে সরাসরি চুক্তির মাধ্যমে মোস্তাফিজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে লাহোর, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার সমান। আইপিএলে উচ্চমূল্যে দল পেলেও শেষ পর্যন্ত খেলতে না পারার হতাশার পর পিএসএলে তার এই অন্তর্ভুক্তি ভক্তদের জন্য বড় স্বস্তি ও আনন্দের খবর হয়ে এসেছে।

লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে ‘কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও মোস্তাফিজ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছিলেন। পুরোনো খেলোয়াড়কে আবার দলে পেয়ে উচ্ছ্বসিত সামিন রানা বলেন, “একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স।” তিনি মোস্তাফিজকে শুধু একজন খেলোয়াড় নয়, বরং দলের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখেন। তার মতে, মোস্তাফিজের অভিজ্ঞতা ও দুর্দান্ত কাটার দক্ষতা আসন্ন মৌসুমে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করবে।

মোস্তাফিজের যোগদানের ফলে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে। আসন্ন মৌসুমের জন্য দলটি ইতোমধ্যেই অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং উদীয়মান তারকা মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। শক্তিশালী বোলিং ইউনিট গড়ে তুলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত আইপিএলে মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া জটিলতা এবং পরবর্তী সময়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ বয়কট সংক্রান্ত ঘটনার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার এই প্রত্যাবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে গত মৌসুমে লাহোর কালান্দার্সের স্কোয়াডে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ থাকলেও এবার তাদের কাউকেই ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে এবারের আসরে দলটিতে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমান।

পিএসএলের একাদশ আসরকে সামনে রেখে বিভিন্ন দল ইতোমধ্যে সরাসরি চুক্তিতে অনেক বিদেশি তারকাকে দলে ভিড়িয়েছে। তবে মোস্তাফিজের উচ্চমূল্যে চুক্তি এবং পুরোনো দলে তার প্রত্যাবর্তন ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এনএনবাংলা/পিএইচ