দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে অননুমোদিত ও মানহীন ক্লিনিকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, অনিয়মকারী ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে আজ থেকেই বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
তিনি জানান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব না হলেও ধাপে ধাপে অনিয়ম দূর করা হবে। বেসরকারি ক্লিনিকগুলোকে লাইসেন্স অনুযায়ী নিয়ম মেনে যথাযথ স্বাস্থ্যসেবা দিতে হবে।
রাজধানীতে শুরু বিশেষ অভিযান
ক্লিনিক পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকগুলো তদারকি করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে সারা দেশে এই অভিযান চালানো হবে।
ঈদ উদ্যাপন নিয়ে সন্তোষ
মন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতর গত দেড় দশকের মধ্যে সবচেয়ে স্বস্তি ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় থাকায় সাধারণ মানুষ স্বস্তিতে ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল।
তবে ঈদে কিছু সড়ক দুর্ঘটনার ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ট্রেন ও বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু বিচ্ছিন্ন অভিযোগও ছিল। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ও উদ্যাপন সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ