সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, যারা কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে পড়াশোনা করতে যাবেন, তাদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

এই ঋণ বিতরণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের সংকট: নতুন সম্ভাবনার ইঙ্গিত

নুরুল হক নুর বলেন, দেশের শ্রমবাজারের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। চলমান সংঘাতের কারণে সেখানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা পুনর্গঠনের প্রয়োজন হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এতে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত না হয়ে বরং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

ভাষা দক্ষতায় জোর

প্রধানমন্ত্রী বিদেশগামীদের জন্য তৃতীয় ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভাষাগত দক্ষতার অভাবে অনেক বাংলাদেশি কম বেতনের চাকরিতে নিয়োজিত থাকেন। ভাষা জানলে উচ্চ বেতনের সুযোগ তৈরি হয়।

জাপানে কর্মী পাঠানো ও ইউরোপে সুযোগ

জাপানে এক লাখ কর্মী পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হওয়া এমওইউ দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বাড়ানোর উপায় নিয়েও কথা হয়েছে।

ভিসা সহজীকরণে উদ্যোগ

প্রতিমন্ত্রী জানান, ইউরোপের অনেক দেশের ভিসা করতে এখনো ভারত যেতে হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালু করার জন্য অনুরোধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কিছু দেশ ইতোমধ্যে বাংলাদেশে কনস্যুলার সেবা দিচ্ছে, বাকি দেশগুলোকেও দ্রুত তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এনএনবাংলা/