বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে তারা পদুয়ার বাজার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, গত ২০ মাস ধরে তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করেনি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান শ্রমিকরা। দ্রুত বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
শ্রমিকরা আরও জানান, বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন শত শত গাড়ির যাত্রীরা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা পৌঁছেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ