বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। জাল ভোট, ভোট কারচুপি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই ওই আসনে ভোটগ্রহণ শুরু হয়।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের হাতেনাতে আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে সোপর্দ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি জানান, ঝগড়াচর কেন্দ্রে একজন জাল ভোটদাতাকে আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও পরে আবারও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া পুরাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট মোসাম্মদ রুজিনা বেগম নিজ হাতে ব্যালটে সিল মারছিলেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদকে জানানো হলেও তিনি নীরব ছিলেন বলে দাবি করেছেন, মাসুদুর রহমান।
আরও অভিযোগ তুলে তিনি বলেন, ত্রিপদী সদর ইউনিয়নের উত্তর ত্রিবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একইভাবে কাকিলাকড়া ইউনিয়নের ঘরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের এজেন্টদের গালিগালাজ করে বের করে দেওয়া হয়।
ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা জাল ভোট দিতে থাকলে বাধা দেওয়ায় জামায়াতের এজেন্টদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তাজুল ইসলাম নামে এক এজেন্ট গুরুতর আহত হন।
পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এমন পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি সবাই দেখেছে—আমি, আপনারা এবং জনগণ।” এ অবস্থায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এর আগে আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘জরুরি ঘোষণা’ শিরোনামে দেওয়া এক পোস্টেও তিনি জাল ভোট, কারচুপি এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের কথা জানান।
এনএনবাংলা/


আরও পড়ুন
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল