সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

 

সংসদ সদস্যদের (এমপি) জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই এটি পাস হয়। এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল।

সরকার জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের ফলে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার, ১৯৭৩’-এর আর্টিকেল থ্রি সি বিলুপ্ত হয়েছে।

আগে এই ধারায় একজন এমপি তার মেয়াদকালে শুল্কমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারতেন। এছাড়া সর্বশেষ আমদানির পাঁচ বছর পর আরেকটি নতুন গাড়ি আমদানির সুযোগও ছিল।

নতুন আইনে বলা হয়েছে, ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০২৬’ নামে এই আইনটি অবিলম্বে কার্যকর হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেওয়া একদিকে নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে এটি সাধারণ করদাতা জনগণের সঙ্গে বৈষম্য সৃষ্টি করে।

সরকার আরও বলেছে, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সুবিধা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, বিলটি একটি অর্থ বিল এবং সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া হয়েছে।

এর আগে সরকারি ও বিরোধী দল উভয়ই জানিয়েছিল, তারা শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবে না।

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা স্বাধীনতার পর থেকেই ছিল না। ১৯৮৮ সালে হুসেইন মুহম্মদ এরশাদের আমলে চতুর্থ সংসদ নির্বাচনের পর এ সুবিধা যুক্ত হয়।

২০২৪ সালের বাজেটেও এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব এসেছিল। ওই সময় সংসদে কয়েকজন সদস্য আগের মতই বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা রাখার দাবি তুলেছিলেন।

এনএনবাংলা/