ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে ভারত সরকার। তিনি বর্তমানে দায়িত্বে থাকা প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে দায়িত্ব পালন করে আসছেন প্রণয় ভার্মা। ইতোমধ্যে তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাই কমিশনার হিসেবে মনোনীত করা হলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও জানা গেছে, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হলেই তাকে আনুষ্ঠানিকভাবে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে, যদি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটে।
পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর সম্ভাব্য নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ