কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি, যা নগরবাসীর জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া, আর আকাশে ঘন মেঘ জমে বিকেলেই নেমে আসে সন্ধ্যার অন্ধকার।
এর আগে দুপুর ২টা থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। বিকেলের পর বৃষ্টির সঙ্গে শীতল বাতাস বইতে থাকায় তাপমাত্রা কিছুটা কমে আসে, ফলে জনজীবনে স্বস্তি ফিরে আসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির কারণে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
রোববার বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মতিঝিল, মাতুয়াইল, শাহবাগ, বাংলামটর ও ফার্মগেইটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি দেখা যায়। কোথাও হালকা, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ধীরে ধীরে তা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ