Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করেই দেশে ফেরার ঘটনা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এই ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বাংলাদেশ ভারতের সঙ্গে যৌক্তিক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে দেশের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তি পরিচয়ের বাইরে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্বীকৃতি বা সিগনেচার থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, তাকে বিমানবন্দরে “আটকে রাখা” হয়েছে— এমন খবর পুরোপুরি সঠিক নয়। তিনি বলেন, ভারতসহ যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশের সুস্পষ্ট নীতি রয়েছে এবং সরকার কোনো দেশের সঙ্গে বিরূপ পরিস্থিতি তৈরি হোক, তা চায় না।

এর আগে, গত রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

জানা যায়, জাহেদ উর রহমানের দিল্লি সফরের বিষয়টি বাংলাদেশ সরকার অন্তত দুই দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করে ঢাকায় ফিরে আসেন।

এনএনবাংলা/পিএইচ