Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, বিশ্রামের সময়টুকুও পায়নি ইরান

সংগৃহীত ছবি

ইরান বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইরান। তবে মাঠের লড়াই শেষ হওয়ার পরই নতুন ঝামেলায় পড়েছে দলটি। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন কোচ আমির গালেনোয়েই।

আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচ শেষে ইরানের পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরই দলকে দ্রুত বিমানে উঠে টিহুয়ানার ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন গালেনোয়েই। যদিও এই নির্দেশ কারা দিয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

দোভাষীর মাধ্যমে ইরান কোচ বলেন, “আমাদের বিশ্রামের সুযোগটুকুও দেওয়া হয়নি। ম্যাচ শেষে জানানো হয়েছে, এখনই টিহুয়ানায় ফিরতে হবে। পুনরুদ্ধারের জন্য সময় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করেই আমাদের যাত্রা করতে বলা হয়েছে, যা সত্যিই বড় সমস্যার সৃষ্টি করেছে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতির পর থেকেই দলটির বিশ্বকাপ প্রস্তুতি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এরপরও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন করলেও ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

গালেনোয়েই বলেন, “সত্যি বলতে, কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে তা আমরা জানি না। পুরো বিষয়টি আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ ঠিক করছে, আর সিদ্ধান্তও অন্য কোথাও থেকে আসছে।”

তিনি আরও বলেন, “আমাদের ম্যাচের দুই দিন আগে এখানে আসার কথা ছিল। আজ রাতেও এখানে থেকে বিশ্রাম নেওয়ার পরিকল্পনা ছিল, তারপর আগামীকাল দুপুরে ফেরার কথা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

ক্ষোভ ঝেড়ে ইরান কোচ মন্তব্য করেন, “আমার মনে হয়, এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার আমাদের দলই।”

দলের অধিনায়ক মেহদি তারেমি প্রস্তুতির কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ অনেকেই যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। এতে দলটির প্রস্তুতি আরও জটিল হয়ে ওঠে।

ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা পর তারেমি বলেন, “এখনই লস অ্যাঞ্জেলস ছাড়তে হওয়া আমাদের জন্য মোটেও ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। পুরো পরিস্থিতিই আমাদের জন্য এক ধরনের বিপর্যয়ের মতো।”

ম্যাচে দুবার পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইরান। ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে গালেনোয়েইয়ের দল।

মাঠে ইরানের সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে গ্যালারিতে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া অনেক ইরানি-আমেরিকান সমর্থকও ছিলেন।

ইরানের পরবর্তী ম্যাচও অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামেই।আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। তার আগে মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি চালিয়ে যেতে হবে ইরানকে।

এনএনবাংলা/পিএইচ