Skip to content

তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আর ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করে।

উল্লেখ্য, রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল-এর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।

এনএনবাংলা/