দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের সাম্প্রতিক বিশেষ বুলেটিন অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসেও বৃষ্টির কথা জানানো হয়েছে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।
এনএনবাংলা/এফএস

